নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য খাতুন (৫০) নামে এক নারীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (৩৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য খাতুন ওই গ্রামের মো. লোকমান সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তাঁর বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার সকালে সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় উদ্দিন তাঁর কাছে নেশার টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে মা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে জবাই করে হত্যার পর পালিয়ে যান উদ্দিন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে পাশের একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, বাড়িটির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে উদ্দিনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটিও জব্দ করা হয়েছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
