অপরাধ তালাশ

কুমিল্লায় সীমানা বিরোধের জেরে একজনকে পিটিয়ে হ/ত্যা

কুমিল্লার তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইউসুফ ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বজনরা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রাকিব হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সীমানা নিয়ে সোলাইমান নামে এক ব্যক্তি গালাগালি করছিলেন। বিষয়টি জানতে ইউসুফ ভূঁইয়ার বড় ভাই স্বাধীন ভূঁইয়া এগিয়ে গেলে একই গ্রামের হারুন, কবির হোসেন, নুরু, রিপন, দেলোয়ার, মজিব, সোলাইমান ও আশোক আলীসহ কয়েকজন তার ওপর হামলা চালান।

রাকিব হোসেনের দাবি, হামলাকারীরা স্বাধীন ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর করতে থাকলে তার বাবা ইউসুফ ভূঁইয়া তাকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় হামলাকারীরা হকি স্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে ইউসুফ ভূঁইয়ার ওপরও হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিব হোসেন বলেন, “আমরা আমার বাবার হত্যার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। অভিযোগ পেলে হত্যার সঙ্গে জড়িতদের আটকসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।