Spread the love

কুমিল্লা-৬ আসনে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের বিভাজনের অবসান ঘটিয়ে ঐক্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,কুমিল্লার ইতিহাসে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। বিভিন্ন সময়ে যে বিভাজন ছিল, তা আজ সমাধান হয়ে গেছে। হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সঙ্গে সমঝোতার মাধ্যমে আমাদের সামনে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এই সমঝোতা কেবল একটি আসনের জন্য নয়, এটি পুরো কুমিল্লার জন্য প্রয়োজন ছিল। আমরা স্বাধীনতার পর কুমিল্লাকে যেভাবে এগিয়ে নেওয়ার কথা ছিল, তা পারিনি। আজকের এই ঐক্য কুমিল্লার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। মনিরুল হক চৌধুরী বলেন, আমি হাজী ইয়াছিন, জেলা ও মহানগরের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কুমিল্লা নিয়ে আমার স্বপ্নের কথা জনগণের সামনে তুলে ধরব। সবাইকে নিয়ে কুমিল্লাকে এগিয়ে নিতে চাই। আজ দেশ ও জাতি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট উত্তরণে জাতীয়তাবাদী শক্তির ঐক্য সবচেয়ে জরুরি।” তিনি জানান, দলের চেয়ারপারসনের নির্দেশে হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর বাদুরতলায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। দলীয় চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে তিনি সরে দাঁড়ানোর এ সিদ্ধান্ত নেন। এর আগে ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওইদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। গত বছরের ১২ মার্চ হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়। হাজী ইয়াছিন সোমবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিই। আমি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা। যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, তাই নির্বাচন আমার কাছে অর্থবহ। নির্বাচন একটা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দলের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। গত ২/৩ দিন আগে আমাকে চেয়ারম্যান দেখা করার জন্য খবর দেন। আমি গেলাম। ইয়াছিন বলেন, আমি দলটা ৩৩ বছর ধরে করি। তিনি আমাকে বলেছিলেন আগামী নির্বাচনে সহযোগিতা করার জন্য। কুমিল্লার ছয়টা নির্বাচনী এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেন। আমি দল করি, দলকে ক্ষমতায় আনার জন্য। আমি দল করি, দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য। এই কারণে আমি উনার সঙ্গে একমত হয়েছি। উনি আমাকে বসা অবস্থায় সমন্বয়কের চিঠি দিয়েছেন। উনার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করব। সকালে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছিলাম। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বাইরে থাকায় বিকেল পাঁচটার মধ্যে সেটি প্রত্যাহার করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলার সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, মহানগরের সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *