কুমিল্লা-৬ (সদর দক্ষিণ-লালমাই) নির্বাচনী আসনের আলোচিত দুই সম্ভাব্য প্রার্থী মনিরুল হক চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াছিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি, কৌশলগত দিক, রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকটি গোপনীয়ভাবে অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও জল্পনা সৃষ্টি হয়েছে।
বৈঠকে উভয় প্রার্থীই জনগণের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং দায়িত্বশীল রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানা গেছে।
এর আগে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ের দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর হাজী ইয়াছিন এই সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক কুমিল্লা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
