কুমিল্লা কারাগারে বন্দির চাপ দ্বিগুণের বেশি;চিকিৎসা-আবাসনে সংকট

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করায় আবাসন, চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় তীব্র চাপ তৈরি হয়েছে। ১ হাজার ৮০০ বন্দির ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে কারাগারটিতে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ২০০ বন্দি থাকছেন। অতিরিক্ত বন্দির চাপে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাঁদের। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। এদিকে ৬১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন কারাগারের কাজ শেষ হলেও এখনো উদ্বোধন না হওয়ায় সেখানে বন্দি স্থানান্তর শুরু হয়নি।

কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দিদের মধ্যে প্রায় ১৫০ জন নারী, চারজন তৃতীয় লিঙ্গের এবং একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ জন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৮০০ জন এবং রাজনৈতিক মামলায় বন্দি রয়েছেন প্রায় ২ হাজার ৫০০ জন। ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণ বন্দি রয়েছেন প্রায় ২০০ জন। আলোচিত তনু হত্যা মামলার আসামি সেনাসদস্য মাহবুবও এ কারাগারে বন্দি রয়েছেন।

বন্দির সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়েনি চিকিৎসাসেবার সুযোগ। কারাগারে চিকিৎসার জন্য স্থায়ী মেডিকেল বেড রয়েছে মাত্র ২৫টি। এর বাইরে অস্থায়ীভাবে আরও ১২৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। বিপুলসংখ্যক বন্দির বিপরীতে সীমিত চিকিৎসাসুবিধা দিয়ে সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আবাসন সংকটের পাশাপাশি খাবার, গোসল ও দৈনন্দিন ব্যবস্থাপনাতেও বাড়তি চাপ তৈরি হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে গাদাগাদি করে থাকতে হচ্ছে বন্দিদের। কারাগার সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার হওয়ায় বন্দির সংখ্যা দ্রুত বেড়েছে। বিভিন্ন মামলায় একসঙ্গে বিপুলসংখ্যক আসামিকে কারাগারে পাঠানোয় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এদিকে বন্দির চাপ সামাল দিতে কারা সম্প্রসারণ প্রকল্পের আওতায় নতুন কারাগার নির্মাণের কাজ শেষ হয়েছে। চলতি বছর প্রায় ৬১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন কারাগারটি এখন উদ্বোধনের অপেক্ষায়। তবে উদ্বোধন না হওয়ায় সেখানে এখনো বন্দি স্থানান্তর কিংবা বন্দি রাখার কার্যক্রম শুরু করা যায়নি। ফলে নতুন অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও পুরোনো কারাগারের আবাসন সংকট কাটেনি।

কারাগার সূত্রে জানা গেছে, ১৭৯২ সালে নগরীর ছোটরা এলাকায় ৬৭ দশমিক ০৮ একর জায়গার ওপর কুমিল্লা জেলা কারাগার প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৬২ সালে এটিকে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়। প্রাচীন ও জরাজীর্ণ ভবনসমৃদ্ধ এ কারাগারটির ধারণক্ষমতা একসময় ছিল প্রায় দেড় হাজার বন্দি। বর্তমানে ধারণক্ষমতা ১ হাজার ৮০০ জনে উন্নীত হলেও বন্দির সংখ্যা দাঁড়িয়েছে তার দ্বিগুণেরও বেশি।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কারাগারের বহুতল ভবনগুলো চালু হলে বন্দিদের আবাসন সংকট অনেকটাই কমে আসবে। এতে পুরোনো কারাগারের ওপর অতিরিক্ত চাপ কমার পাশাপাশি চিকিৎসা ও দৈনন্দিন ব্যবস্থাপনা স্বাভাবিক করার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম বলেন, বর্তমানে ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন ও ব্যবস্থাপনায় কিছুটা চাপ রয়েছে। তবে বন্দিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ কাজ করছে। নতুন ভবনগুলো উদ্বোধন করে চালু করা হলে কয়েক দিনের মধ্যেই আসনসংকট অনেকটা কমে আসবে। পাশাপাশি অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।