কুমিল্লা নগরীর স্টেশন রোডে ৩২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নিয়েছে কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে নির্মিত ২৩টি দোকান উচ্ছেদ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জমির ওপর নির্মিত অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়ার পর সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণ করে জমির দখল নেয় জেলা পরিষদ।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম গত ৩২ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়ে তিনি অর্থ আদায় করতেন।
জমিটির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সঙ্গে জিয়াউল ইসলামের মামলা চলছিল। সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটির দখল বুঝে নেয় জেলা পরিষদ।
এদিকে, উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আয় করেছেন। তবে উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হবে।
