কুমিল্লার বুড়িচংয়ে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক মোশাররফ হোসেন ও তাঁর বড় ভাই জহিরুল ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বাকশীমুল গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোশাররফ হোসেন ও তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জানান, তাঁদের পুকুরে বিষ প্রয়োগের কারণে বিপুল পরিমাণ মাছ মারা গেছে। এতে তাঁদের প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁদের অভিযোগ।
এ ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
