কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলাকে বছরের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে। জাতীয় পর্যায় থেকে শুরু করে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাঁদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।

১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম প্রমুখ।