রাজধানীতে পৃথক স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৃথক সময়ে এ ঘটনা ঘটে। এতে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পল্লবী থেকে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে দাঁড়ানো ছিল।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর থেকে বাসটি সিরামিক্স রোডে দাঁড়ানো ছিল। রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে, একই রাতে সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পৃথক দুই ঘটনায় বাসে আগুন দেওয়ার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।