রাজনীতি

ন্যাম ভবনের ফ্ল্যাটে জামায়াত থেকে বহিষ্কৃত এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে যায়। পরে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পায় পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এখনও ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’

তবে মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলে গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

এ ঘটনার পর নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। গত ২২ জুলাই দলটির পক্ষ থেকে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছিল।