নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, স্লোগান দিয়ে হেনস্তার অভিযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বিক্ষোভ ও হেনস্তার ঘটনা ঘটেছে। বিমানবন্দরে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাঁকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন) বলে চিৎকার করতে শোনা যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ড. ইউনূস দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। এ ছাড়া দেশের পরিস্থিতি ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
ভিডিওতে আরও দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস পরিস্থিতি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ জানাতে থাকেন।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
