কুমিল্লার সংবাদ

কুমিল্লা মহাসড়কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হরিপুর মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে প্রাতর্ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটছিলেন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম। এ সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।