ব্রাহ্মণপাড়ায় মায়ের বিরুদ্ধে দুই শিশুকে ফেলে যাওয়ার অভিযোগ, তদন্তে যা জানাল পুলিশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই কন্যাশিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ ওঠার পর শিশু দুটিকে নিজের হেফাজতে নিয়েছেন তাদের বাবা। বর্তমানে আট বছর বয়সী ইসরাত ও ১৮ মাস বয়সী রোজা মনি বাবার কাছে রয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের সরেজমিন তদন্তে এ তথ্য উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু দুটির বাবা নূর মোহাম্মদ নাছির আলম পেশায় একজন অটোরিকশাচালক। প্রায় ১২ বছর আগে জেসমিন আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই কন্যাশিশুর জন্ম হয়। পরে পারিবারিক মনোমালিন্যের জেরে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে জেসমিন তাঁর বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) দুপুরে দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজারে আসেন জেসমিন। এ সময় মুঠোফোনে সাবেক স্বামীকে বিষয়টি জানালে তিনি তাঁকে বলেন, অটোরিকশা নিয়ে কুমিল্লা শহরে রয়েছেন। পরে দুই শিশুকে বাজারে রেখেই জেসমিন কুমিল্লায় চলে যান বলে তদন্তে জানা গেছে।
এদিকে মাকে খুঁজে না পেয়ে বাজারের বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে শিশু দুটি। পরে স্থানীয় লোকজন তাদের এক জায়গায় জড়ো করে রাখেন। খবর পেয়ে শিশু দুটির চাচি শিরিন বেগম বাজারে গিয়ে তাদের শনাক্ত করেন এবং নিজের জিম্মায় বাড়িতে নিয়ে যান।
পরে বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্তে নামে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। তদন্তে শিশু দুটির পারিবারিক বিরোধ ও বিবাহবিচ্ছেদের বিষয়টি উঠে আসে। বর্তমানে তারা বাবার হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, দুই শিশুকে সড়কের পাশে রেখে মায়ের চলে যাওয়ার খবর প্রকাশের পর বিষয়টি তদন্ত করা হয়েছে। পারিবারিক বিরোধের কারণে প্রায় পাঁচ মাস আগে শিশু দুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। তবে বর্তমানে শিশু দুটি তাদের বাবার হেফাজতে রয়েছে। শিশুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
