কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশ সুপারকে ধন্যবাদ কুসিক প্রশাসকের
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে সাফল্যের জন্য জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমকে ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
কুসিক প্রশাসক বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনের কারণগুলোও চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে মাদকের সম্পৃক্ততা থাকলে বিষয়টি আরও উদ্বেগের। তাই কিশোর গ্যাংবিরোধী অভিযানের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধেও কঠোর অভিযান পরিচালনা করতে হবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযানে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে এবং অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুসিক প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কিশোরদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
