অপরাধ তালাশ

কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪১৫

কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কুমিল্লার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন স্থান থেকে ৪১৫ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। জেলার সব থানা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ সমন্বিতভাবে অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। জেলার বিভিন্ন থানা এলাকায় পাশাপাশি কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানেও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ৪১৫ জনের মধ্যে কারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।