কুমিল্লায় পৃথক দুটি অভিযানে প্রায় ৯৮ লাখ ৪ হাজার টাকার ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশন ও সীমান্তবর্তী পালপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে ২৯ অক্টোবর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
পরে বিকেল ৩টা ৪০ মিনিটে টাস্কফোর্সের সদস্যরা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল আটক করা হয়।
একই দিন সন্ধ্যা ৬টায় ১০ বিজিবির বিশেষ টহল দল পালপাড়া নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করে।
দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
