সন্ত্রাস, চুরি ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলায় ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার ৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা-পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, চুরি, বিশেষ ক্ষমতা আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সালাউদ্দিন (২৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করে। তিনি গত ৭ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তিনি উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করে। তিনি দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত লীল মিয়া ভূঁইয়ার ছেলে।

একই দিন এসআই সুজন কুমার আচার্য পৃথক অভিযান চালিয়ে শশীদল এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. রিহানকে (২২) গ্রেপ্তার করেন। তিনি শশীদল উত্তরপাড়া এলাকার মো. মনছুরের ছেলে।

এ ছাড়া ১১ নভেম্বর দায়ের করা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলার এজাহারনামীয় আসামি সোহেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের মোকতার হোসেনের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।