কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযানে ১১ দিনে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত গত ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এসব অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলো চিহ্নিত করে অভিযান চালানো হয়। কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশগ্রহণ করেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
