Spread the love

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা হওয়ার ৮ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে স্থানীয় হারপাকনা বালিকা উচ্চ বিদ্যালয়ে যায় ওই ছাত্রী। স্কুল ছুটি শেষে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়ি ফেরার পথে মটকিরচর ঈদগাঁ এলাকায় পৌঁছালে একই গ্রামের বাসিন্দা হাকিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৩) ও অজ্ঞাতনামা এক সিএনজি চালক তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে হোমনা উপজেলার কুটুমবাড়ী সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

বিকেলে অভিযুক্তরা ভুক্তভোগীকে পুনরায় স্কুলের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় বাড়িতে ফিরে সে মায়ের কাছে ঘটনাটি জানায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর মা ২৪ এপ্রিল মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার স্বামী নেই। মেয়েটা স্কুলে গিয়ে সর্বনাশ হয়ে গেল। আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা ভয়ে আছি। দ্রুত বিচার চাই।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা ভুক্তভোগীর পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতারে পুলিশের দৃশ্যমান তৎপরতা নেই। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন বলেন, হুমকির বিষয়টি তিনি অবগত আছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাদীকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হুমকির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত প্রধান আসামি ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়