বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্যাগের ঘোষণা দিয়েছেন খালিদ হাসান তারেক (৩০) নামে এক যুবক।
খালিদ হাসান তারেক উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে। শনিবার (১৩ জুন) দুপুরে তিনি প্রকাশ্যে এ ঘোষণা দেন।
খালিদ হাসান তারেক জানান, তিনি ২০১১ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি মন্দির পাহারা দেওয়ার বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। এর পর থেকে দলীয় বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে তাকে আর আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খালিদ হাসান তারেক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন এবং দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তিনি বলেন, “সম্প্রতি কিছু বিষয়ে মতবিরোধের কারণে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি।”
এ বিষয়ে ফকিরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা তৈয়েবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে দলীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
