Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তাইফুর আলম, সাধারণ সম্পাদক কবির হোসেন ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুলের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

শনিবার (৬ জুন) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে নেতারা বলেন, শনিবার দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত “কুমিল্লায় মাদককারবারীদের পক্ষে বিএনপি নেতার তদবিরের অভিযোগ” শীর্ষক সংবাদে বুড়িচং উপজেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে মাদক কারবারিদের পক্ষে তদবির করার অভিযোগ আনা হয়েছে। তারা এ অভিযোগ সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, সংবাদে যার বক্তব্য বা রেফারেন্স উল্লেখ করা হয়েছে, তাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কবির হোসেনের সঙ্গে তার কখনো কথা বা সাক্ষাৎ হয়নি। এ সংক্রান্ত কথোপকথনের রেকর্ডও সংরক্ষিত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অ্যাডভোকেট তাইফুর আলম বলেন, গত ১৫ বছরে তিনি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে থানায় যাননি। সম্প্রতি হুমায়ুন মেম্বার একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হলে তার পরিবারের অনুরোধে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন এবং আদালতের মাধ্যমে জামিন নিশ্চিত করেন। একজন আইনজীবী হিসেবে এটি ছিল তার পেশাগত দায়িত্ব। কিন্তু ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তাই কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করা জরুরি। ভবিষ্যতে আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

বিএনপি নেতারা অভিযোগ করেন, বুড়িচং উপজেলা বিএনপির আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রকাশিত সংবাদটি সেই অপপ্রচারের অংশ বলেও তারা দাবি করেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। দলের নির্দেশনা অনুযায়ী এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা প্রকাশিত সংবাদের সংশোধনী প্রকাশের দাবি জানান। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া ব্যক্তি বা রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়