Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজারের একটি ঔষধের দোকান থেকে দীর্ঘদিন ধরে কৌশলে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর (চকবস্তা) গ্রামের মশকত আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬)।

সোমবার (১১ মে) সন্ধ্যায় বিষয়টি তালাশ বাংলাকে নিশ্চিত করেন বুড়িচং থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. লোকমান হোসেন (৪৬) কালিকাপুর বাজারে “নাভা মেডিকেল হল” নামে একটি ঔষধের দোকান পরিচালনা করেন। অভিযুক্ত আরিফুল ইসলাম প্রায় আট বছর ধরে ওই দোকানে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দোকান মালিকের আস্থার সুযোগ নিয়ে তিনি দোকানের ক্যাশসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। সম্প্রতি দোকানে আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের পর ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ক্রেতাদের কাছ থেকে নেওয়া ঔষধের টাকা ক্যাশে জমা না দিয়ে গোপনে নিজের কাছে রেখে দেন তিনি।

এছাড়া পূর্ববর্তী সময়ের লেনদেন ও আর্থিক হিসাব বিশ্লেষণ করে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ধাপে ধাপে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন আরিফুল ইসলাম। অভিযোগ রয়েছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে তিনি দেশে-বিদেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন ব্যাংকে অর্থ জমা রেখেছেন।

ভুক্তভোগী দোকান মালিক লোকমান হোসেন জানান, অভিযুক্তকে বিশ্বাস করে দীর্ঘদিন দোকানের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তার অস্বাভাবিক আর্থিক উন্নতি সন্দেহের সৃষ্টি করে।

ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত দোকান মালিক ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেন।

পরে এ ঘটনায় বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করে।

বুড়িচং থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম তালাশ বাংলাকে জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।