Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম–পাইকোটা–রাজাপুর সড়কের রেলক্রসিং সংলগ্ন নির্মাণাধীন প্রায় ২৪ লাখ টাকার একটি ব্রিজের কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারের পলাতক থাকার অভিযোগে কালের কণ্ঠ ও তালাশ বাংলা’তে সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় কাজ শুরু হয়েছে।

‘কালের কণ্ঠ’ ও তালাশ বাংলাতে এ “বুড়িচংয়ে পাইকোটা ব্রিজ অসম্পূর্ণ রেখে উধাও ঠিকাদার; চরম দুর্ভোগে ৫ গ্রামের মানুষ” শিরোনামে সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পলাতক ঠিকাদার আরিফ এন্টারপ্রাইজের নিক্সনকে তলব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এসময় তাকে দ্রুত সময়ের মধ্যে ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জুবায়ের হাসান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শুক্রবার (১ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্ধ হয়ে থাকা ব্রিজের কাজ পুনরায় শুরু হয়েছে। কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা উপজেলা প্রশাসন ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের মে মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিক্সন কাজের অর্ধেক রেখে শ্রমিকসহ সাইট ত্যাগ করেন।

নির্মাণকাজ শুরুর সময় পুরাতন ব্রিজ ভেঙে ফেলা হলেও কোনো বিকল্প সড়ক রাখা হয়নি। ফলে দক্ষিণগ্রাম, পাইকোটা ও রাজাপুরসহ আশপাশের অন্তত পাঁচ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েন। শিক্ষার্থী, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। অনেকে ঝুঁকি নিয়ে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করছেন।

ব্রিজের পিলারের আংশিক কাজ শেষ হলেও পাটাতন নির্মাণ না হওয়ায় বেরিয়ে থাকা রডে মরিচা ধরছে এবং চুরির আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ব্রিজ না থাকায় কৃষকরা মাঠ থেকে ধান পরিবহনে ভোগান্তিতে পড়েছেন। জরুরি প্রয়োজনে রোগী ও অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নিতে সমস্যায় পড়তে হচ্ছে। অতিরিক্ত পথ ঘুরে যাতায়াতে সময় ও অর্থ—দুই-ই অপচয় হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়