পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গোটা রাজ্যজুড়ে অপেক্ষার পালা—আগামী ৪ মে ঘোষিত হবে বহুল প্রতীক্ষিত ফলাফল। ওই দিনই স্পষ্ট হবে, রাজ্যের মানুষ কাকে তাদের পরবর্তী সরকার হিসেবে বেছে নিয়েছেন। তবে ফল ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল। বিভিন্ন সংস্থা নিজেদের পূর্বাভাস প্রকাশ করছে, আর সেই ফলাফল ঘিরে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও বিতর্ক। যদিও গণমাধ্যমগুলো এসব তথ্য প্রচার করলেও নির্ভরযোগ্যতা নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। কারণ মাঠপর্যায়ে সরাসরি ভোটারদের মতামত সংগ্রহের যে গভীরতা প্রয়োজন, তা অনেক ক্ষেত্রেই এসব সমীক্ষায় অনুপস্থিত থাকে।
প্রকাশিত সমীক্ষাগুলোর দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট—মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। কিছু সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, আবার কিছুতে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে।
ভোটের শতাংশের হিসাবে বিজেপি প্রায় ৪৩ থেকে ৪৫ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের সম্ভাব্য ভোট শেয়ার ৪০ থেকে ৪৩ শতাংশের মধ্যে থাকতে পারে। এই ব্যবধান কাগজে-কলমে বিজেপিকে সামান্য এগিয়ে রাখলেও বাস্তব পরিস্থিতি এতটা সরল নয়। অল্প ব্যবধানের কারণে সামান্য পরিবর্তনেই ফলাফল উল্টে যেতে পারে।
পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাস বলছে, এক্সিট পোল সব সময় সঠিক চিত্র তুলে ধরতে পারে না। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় এলেও সে সময়ের অধিকাংশ সমীক্ষা এত বড় পরিবর্তনের পূর্বাভাস দিতে পারেনি। পরবর্তী নির্বাচনগুলোতেও—২০১৬, ২০২১ এবং বিভিন্ন লোকসভা ভোটে—সমীক্ষার ফলাফলের সঙ্গে বাস্তব ফলের অমিল দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং সীমিত নমুনা ব্যবহার এর অন্যতম কারণ। মোবাইলভিত্তিক জরিপ বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বিশ্লেষণ অনেক সময় পূর্ণাঙ্গ জনমতের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়। ফলে এক্সিট পোলকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। চাকরি কেলেঙ্কারি, গরু ও কয়লা পাচার, মন্ত্রীদের গ্রেফতার এবং শিক্ষাব্যবস্থায় অনিয়ম—এসব ইস্যু ভোটারদের একাংশে প্রভাব ফেলেছে। পাশাপাশি একটি আলোচিত চিকিৎসক মৃত্যুর ঘটনাও রাজনৈতিক বিতর্কে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
অন্যদিকে, গত প্রায় ১৫ বছরে তৃণমূল সরকারের বাস্তবায়িত বিভিন্ন সামাজিক প্রকল্পও ভোটে বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য, নারীকল্যাণ, শিক্ষা, কৃষি সহায়তা, আবাসন ও অবকাঠামো উন্নয়ন—এসব খাতে সরকারের উদ্যোগ গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের জীবনে দৃশ্যমান প্রভাব ফেলেছে। অনেক ভোটারের কাছে এই উন্নয়নমূলক কর্মকাণ্ডই প্রধান বিবেচ্য হয়ে উঠেছে।
এবারের নির্বাচনে আরেকটি আলোচিত বিষয় ছিল ভোটার তালিকা সংশোধন। প্রায় ৯১ লাখ নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। এতে প্রশাসনিক দুর্বলতা ও সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে এই পরিস্থিতি ভোটারদের মধ্যে সচেতনতা বাড়িয়েছে বলেও ধারণা করা হচ্ছে। অনেকেই আগেভাগে নিজের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন। এর ফল হিসেবে ভোটদানের হার প্রায় ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
বিশ্লেষকদের মতে, উচ্চ ভোটদানের পেছনে নাগরিক অধিকার রক্ষার মানসিকতার পাশাপাশি নিরাপত্তা ও পরিচয় সংক্রান্ত উদ্বেগও কাজ করেছে। এসব বিষয় এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।
সবদিক বিবেচনায় একটি বিষয় স্পষ্ট—এই নির্বাচন একতরফা নয়; প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল অনিশ্চিতই থাকবে।
সম্ভাবনার বিচারে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরতে পারে বলে ধারণা করা হলেও বিরোধী শক্তি, বিশেষ করে বিজেপি, খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। এতে আগামী দিনে রাজনৈতিক ভারসাম্য আরও সূক্ষ্ম হতে পারে এবং বিরোধী চাপ বাড়ার সম্ভাবনাও রয়েছে।
অর্থাৎ, এই নির্বাচনের ফল শুধু সরকার গঠনেই সীমাবদ্ধ থাকবে না—এটি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনাও নির্ধারণ করবে।
