Spread the love

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদিচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিক অসহযোগিতার কারণে গোমতী নদীর রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৮ এপ্রিল) কুমিল্লার দেবিদ্বার পৌরসভার হাশিমপুর (হামলা বাড়ি) এলাকায় পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন বিভাগের তত্ত্বাবধানে গোমতী নদীর বাম তীরের ৩শ মিটার পুনঃপ্রক্রিয়াকরণ (বাঁধ সংস্কার) কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচন-পরবর্তী সময় থেকে গোমতী চরের মাটি কাটা বন্ধ রাখতে তারা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাজনৈতিক অসহযোগিতার কারণে কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “গোমতী নদীর তীর ঘিরে আমাদের এলাকার মানুষের জীবন-জীবিকা অনেকাংশে নির্ভরশীল। প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে তীরবর্তী এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।” তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে এ এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল এবং গত বছরও বিভিন্ন স্থানে বাঁধে ভাঙনের প্রাদুর্ভাব দেখা দেয়।

তিনি আরও বলেন, নদীর তীররক্ষা বাঁধগুলো এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে গোমতীর তীরঘেঁষে গড়ে ওঠা ইটভাটাগুলোর কাঁচামাল হিসেবে নদীর মাটি ব্যবহার হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সালা উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহ রিয়ার, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান খান, উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়