Spread the love

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের আওতাভুক্ত মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।

আটক কিশোররা হলো—আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র রায় (১৪) এবং সমারু রায়ের ছেলে উদয় রায় (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সীমান্ত এলাকা দেখার উদ্দেশ্যে ওই দুই কিশোর সেখানে যায়। এক পর্যায়ে তারা অসাবধানতাবশত বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে মিরগঞ্জ এলাকায় প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্ল্যাহ মোহাম্মদ কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক কিশোরদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়