Spread the love

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা চারজনের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, “আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই।”

এ বিষয়ে ওসি মাহবুবুর রহমান জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়