Spread the love

সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান করে দিয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। ঈদের সালামি বা বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সোহেল উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

শনিবার (২১ মার্চ) দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ইরি ধানের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের মা রুবি খাতুন জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সোহেলের মোবাইলে বারবার কল আসে। সোহেল বাড়ি থেকে বের হতে চাইলে তিনি বাধা দেন। কিছুক্ষণ পর কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দেবেন বলে ৪-৫ জন যুবক সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি সোহেল রানার বলে শনাক্ত করেন।

নিহতের মা অভিযোগ করেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করে মরদেহ ফেলে দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী।

তবে অভিযুক্ত সাইফুল ইসলামকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেন, শত্রুতাবশত তার ভাইকে এ ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।এ নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়