ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৯
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলায় একজন, সিঁধেল চোরচক্রের এক সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, সকাল ৮টা ২৫ মিনিটে এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৩ নম্বর চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজ গেটের সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কে অভিযান চালায়। এ সময় পলাতক আসামি মো. জালাল উদ্দিনের ফেলে যাওয়া ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে সকাল সাড়ে ১১টার দিকে এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউস নামের দোকানের সামনে অভিযান চালায়। সেখান থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় মো. এনামুল হক ওরফে শানু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, এসআই সুজন কুমার আচার্য্য, এসআই মো. মাহতাব হোসেন, এএসআই রতন কুমার মল্লিক ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে বাহারুল ইসলাম (২৪), হাসান (৩৮), হাসান (২০), লিমন হোসেন (২৩) ও আল আমিন (২১) নামে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হেলাল উদ্দিন (৪৫) এবং এএসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. বিল্লাল হোসেন (৩৭)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল থানার মামলা নং-১৬, জিআর নং-৯১/২৬-এর পলাতক আসামি মো. রবিউল হাসান (১৯)কে গ্রেপ্তার করে। ওই মামলাটি দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারায় করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ও আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
