ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ানোর পর মাহমুদা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সাপে কামড়ানোর পর চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাহমুদা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের ফিরোজ মিয়া ও মাহিনুর বেগমের মেয়ে। সে ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে নিজের ঘর থেকে চাচার ঘরে ঘুমাতে যাওয়ার সময় বাড়ির উঠানে মাহমুদাকে সাপে কামড় দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক নাঈম আব্দুল্লাহ তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলেন।

পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে মাহমুদাকে নিয়ে বাড়িতে ফেরেন তারা। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১টার দিকে ব্রাহ্মণপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের দাদা খোরশেদ আলম জানান, সাপে কামড়ানোর পর মাহমুদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে চিকিৎসক তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন।

অল্প বয়সী এই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।