অপরাধ তালাশ

দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি,সেই চোর গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখার ভেতর গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় পেছন থেকে তার কাছে থাকা চার লাখ টাকা চুরি করা হয়। পরে ব্যাংকের ভেতরের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর একই দিন রাত ১০টার দিকে দেবিদ্বার থানায় মামলা করেন ভুক্তভোগী জাকির হোসেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।

মামলার পর চোর শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে দেবিদ্বার থানায় নিয়ে আসা হবে।”