কুমিল্লার চৌদ্দগ্রামে সন্তান প্রসবের পর ৫০ হাজার টাকার বিনিময়ে এক নবজাতককে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন অভিযুক্ত যুবকের মা ও জেঠা, একটি বেসরকারি হাসপাতালের নার্স এবং নবজাতককে কিনে নেওয়ার অভিযোগে এক ব্যক্তি।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অভিযুক্ত যুবক আবির হোসেনের মা জোবেদা আক্তার সানজিদা, তাঁর জেঠা নজরুল ইসলাম মনির, চৌদ্দগ্রাম বাজারের প্রাইম হাসপাতালের নার্স স্বপ্না বেগম এবং উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের রিপন মিয়া। রিপন মিয়ার বিরুদ্ধে ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতকটিকে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত আবির হোসেন কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের আমির হোসেন ওরফে লাকির ছেলে। তাঁকে গ্রেপ্তারে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
নবজাতক উদ্ধার ও চারজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিশু ও মানব পাচারের অভিযোগে করা পৃথক দুটি মামলার তদন্ত চলছে।
