দাউদকান্দিতে বন্দুক-কার্তুজ ও কাভার্ডভ্যান উদ্ধার, গ্রেপ্তার রুবেল

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি লোহার গ্রিল ও রড কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকার ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলামের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গোডাউন থেকে রুবেলের হেফাজতে থাকা একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ এবং নীল রঙের লোহার তৈরি দুটি গ্রিল ও রড কাটার উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রুবেল লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর থানার চরভুতা এলাকার বাসিন্দা। তাঁর বাবা জাহাঙ্গীর আলম এবং মা রেজিয়া।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল কুখ্যাত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।