অপরাধ তালাশ

বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জি (৫৭) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর পেয়ারা রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় সমকাল কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ পেয়ারা রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় যায়। সেখানে সমকাল কার্যালয়ের ভেতরে রশিতে ঝুলন্ত অবস্থায় পুলক চ্যাটার্জির মরদেহ পাওয়া যায়।

ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় দৈনিক যুগান্তর, আলোকিত বাংলাদেশসহ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে। পুলক চ্যাটার্জি একসময় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের দিকে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন।

পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তাঁর ভাই কিছুটা হতাশ ছিলেন। এ কারণেও এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তিনি।

পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি বলেন, চাকরি হারানোর পর থেকে তাঁর স্বামী হতাশায় ছিলেন। তবে এ কারণে তিনি আত্মহত্যা করবেন, তা কেউ ভাবতে পারেননি।

দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী বলেন, কার্যালয়ের একটি বিকল্প চাবি পুলক চ্যাটার্জির কাছে ছিল। তিনি মাঝেমধ্যে অফিসে এসে বসতেন।

দৈনিক যুগান্তরের সাংবাদিক এস এম পলাশ বলেন, তাঁদের কার্যালয় ভবনের তৃতীয় তলায়। পুলক চ্যাটার্জিকে মাঝেমধ্যে সেখানে এসে বসতে ও পত্রিকা পড়তে দেখা যেত। শুক্রবার সন্ধ্যার দিকে সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী এসে জানান, পুলকের স্ত্রী ফোনে তাঁকে পাচ্ছিলেন না। পরে তাঁকে খুঁজতে সমকাল কার্যালয়ে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান সুমন। দরজার ফাঁক দিয়ে তিনি পুলকের ঝুলন্ত মরদেহ দেখতে পান বলে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।