প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠন করতে পারার পর ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব পরিবার প্রধান নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের কম সময়ের মধ্যেই আজ ৩৭ হাজার নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পেরেছি।”
তিনি আরও বলেন, সরকার ধাপে ধাপে নির্বাচনী সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের ব্যত্যয় হবে না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নারীদেরকে যদি ক্ষমতায়ন না করতে পারি, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।” তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, “খালেদা জিয়াও নারীদের জন্য মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন।”
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
