ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে আজ ভোরে দেশের প্রতিরক্ষা বাহিনী প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সোমবার (৯ মার্চ) এই অভিযানে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে।
প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রদর্শন করেছে আইআরইবি। সেখানে বলা হয়েছে, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা’।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তিনি নিহত হওয়ার ৯ দিনের মাথায় আয়াতুল্লাহর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে ইরানের প্রভাবশালী সংস্থা দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস।
ইরানের ক্ষমতাকাঠামোতে সর্বোচ্চ নেতার অবস্থান একদম শীর্ষে। তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর চিফ অব কমান্ড। ইরানের সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি, পার্লামেন্টসহ সর্বক্ষেত্রে সর্বোচ্চ নেতার ক্ষমতা প্রশ্নাতীত।
