কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অভিযোগে এক ড্রাম্প ট্রাকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।বৃহস্পতিবার বিকেলে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বুড়িচং থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে মোহাম্মদ আবুল খায়ের অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ড্রাম্প ট্রাক আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল খায়েরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন তালাশ বাংলাকে বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
