Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বিভিন্ন স্থানে কৃষিজমি থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। পৃথক অভিযানে তিনটি মাটিবাহী ট্রাক জব্দ করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বুড়িচং থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে বাকশীমূল দক্ষিণপাড়া এলাকা থেকে মালিকবিহীন দুটি মাটিবাহী ট্রাক জব্দ করা হয়। পরে মঙ্গলবার বিকেলে বাকশীমূল গ্রামের জামাল হোসেনের ছেলে আশরাফুল এবং মো. জসিমের ছেলে তানিম এক লাখ টাকা জরিমানা প্রদান করে ট্রাক দুটি ছাড়িয়ে নেন। এছাড়া কালিকাপুর এলাকা থেকে একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ড্রাম ট্রাকের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বাকশীমূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষিজমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এছাড়া মাটিবাহী ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার (২২ ফেব্রুয়ারি) একই ইউনিয়নের রেল সড়কের পাশে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করে। পরে ট্রাকটির মালিকপক্ষের মিনহাজ রাশেদ দুই লাখ টাকা জরিমানা দিয়ে ট্রাকটি ছাড়িয়ে নেন।

ইউএনও তানভীর হোসেন বলেন,খননযন্ত্র দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি করার কোনো বৈধতা নেই। খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। দুটি ট্রাকের জরিমানা আদায় করা হয়েছে এবং অপর জব্দকৃত ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *