Spread the love

চট্টগ্রামের রাউজান ও ফেনীর সোনাগাজীতে পৃথক ঘটনায় এক যুবদল কর্মী ও এক তাঁতি দল নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুটি ঘটনা ঘটে।

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যাঃ

রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়া হাট বাজারে ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মো. মুজিব (৫৬) নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি মধ্যম আধার মানিক এলাকার মৃত আবদুল মোনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে ফলের দোকানের সামনে আড্ডা দেওয়ার সময় ৩-৪ জন অস্ত্রধারী যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রেমঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোনাগাজীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে-পিটিয়ে হত্যাঃ

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে একই দিন সন্ধ্যায় আইয়ুব নবী তারেক নামের এক তাঁতি দল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তিনি ওই ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক।

নিহতের পরিবারের দাবি, পারিবারিক বিরোধ মীমাংসার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি।

দুইটি ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *