স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মধ্যে কক্সবাজারে পৃথক অভিযানে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এসব ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পরপরই সীমান্ত ও মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সর্বশেষ শনিবার ভোরে কক্সবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৮০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গাকে আটক করে। এর আগে শুক্রবার রাতে সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন এলাকা থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরও আগে ১৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং বিওপিতে পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
অন্যদিকে, রামু থানা পুলিশ এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে। একই থানার আরেক অভিযানে একটি বাড়ি থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।
