Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমে যায়। সকালবেলায় কিছুটা উপস্থিতি থাকলেও দুপুরের পর থেকে বিকেল ৪টা পর্যন্ত অনেক কেন্দ্রেই ভোটারশূন্য অবস্থা দেখা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত নারী ভোটারদের অংশগ্রহণই এ আসনে প্রধান তিন প্রার্থীর জয়-পরাজয়ের সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে রয়েছে ১৭টি ইউনিয়ন, স্থায়ী ভোটকেন্দ্র ১৮২টি, স্থায়ী ভোটকক্ষ ৯০২টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৩৮টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৮৫৫ জন এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৯৮৭ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন পুরুষ ১১ হাজার ৩০০ জন এবং নারী ১ হাজার ৩০ জন।

প্রার্থীদের মধ্যে বিএনপির হাজী জসিম উদ্দিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর এডভোকেট ড. মোবারক হোসেন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার এজেন্টদের কয়েকটি কেন্দ্রে সক্রিয় দেখা গেলেও বাকি সাত প্রার্থীর এজেন্ট তেমন চোখে পড়েনি। যে কেন্দ্রগুলোতে এজেন্ট ছিলেন, সেখানে কর্মী-সমর্থকদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।

বুড়িচং উপজেলার বাকশীমূল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকশীমূল উচ্চ বিদ্যালয়, ফকিরবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়, রাজাপুর উচ্চ বিদ্যালয়, বুড়িচং সদর ও ব্রাহ্মণপাড়া সদরসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গড়ে ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে।

কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের আড্ডা দিতে দেখা গেছে বলেও অভিযোগ রয়েছে। তবে ভোটারদের অনেকেই জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেন তালাশ বাংলাকে বলেন, এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে যৌথবাহিনীর টহল ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *