Spread the love

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই-সদর দক্ষিণ) আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তারা ধানের শীষ প্রতীকে সিল মারার চেষ্টা করলেও কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন।

প্রিজাইডিং অফিসার জানান, দুর্বৃত্তরা কেন্দ্রে এসে তিনটি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয় এবং সেগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা বাইরে থেকে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। যারা ব্যালট নিতে এসেছিল তাদের কাউকে চিনতে পারিনি।”

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত ছিল।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সিল মারা ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *