পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় তাকে আটক করা হয়।
আটককৃত কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে কাজল মৃধা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা তার ব্যক্তিগত প্রয়োজনে সঙ্গে রাখা ছিল এবং এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
