Spread the love

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, তাকে ঠেকাতে বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা দেবীদ্বারের মানুষ সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন। আমার আর কিছু বলার নেই।”

তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানের একজন প্রার্থী নিজে আবুল কালাম আজাদের কাছে সমর্থন চেয়েছেন। গণধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দীনের বিরুদ্ধেও তিনি একই ধরনের অভিযোগ তোলেন। এসব বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির প্রতি ইঙ্গিত করে হাসনাত বলেন, “আপনারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, কিন্তু একটি অংশ বিক্রি হয়ে গেছে। দেবীদ্বারের বিএনপির এর চেয়ে নির্লজ্জতা আর হতে পারে না।”

মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “আমি এতদিন যা বলে আসছি, মিডিয়াতে তা আসেনি। মিডিয়া ব্ল্যাকআউট চলছে।” আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের অবস্থান থেকে চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তাদেরও সীমাবদ্ধতা রয়েছে।

হাসনাত আরও অভিযোগ করেন, “হাসনাত আবদুল্লাহকে ঠেকাতে আওয়ামী লীগ, বিএনপির একটি অংশ, ঋণখেলাপি ও গণঅধিকার একজোট হয়েছে।” তিনি ‘ট্রাক’ প্রতীককে সন্ত্রাসের প্রতীক বলেও মন্তব্য করেন।

এর আগে বুধবার বিকেলে আরেকটি লাইভে এসে তিনি বলেন, “কালো টাকা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। ভোট আমাদের পবিত্র আমানত। কালো টাকা দিয়ে কেউ ভোট কিনে নেবে, সেটা হতে দেওয়া হবে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা টাকা নিয়ে মাঠে নেমেছেন, তাদের “অস্তিত্ব থাকবে না” এবং কেউ ধরা পড়লে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

এদিকে কুমিল্লা-৪ আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। দলটির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ঋণখেলাপির দায়ে বাতিল হয়। পরে বিএনপি এ আসনে গণধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দীনকে সমর্থন দেয়।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেবীদ্বার এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিভিন্ন প্রার্থীর বক্তব্য ও পাল্টা অভিযোগে নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *