বুড়িচং-মীরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চালকের বুদ্ধিতে রক্ষা পেল যাত্রীরা
কুমিল্লার বুড়িচং-মীরপুর সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে চালকের তৎপরতায় ডাকাতির কবল থেকে রক্ষা পেয়েছেন গাড়ির যাত্রী ও তাদের মালামাল।
স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী নদীর পালপাড়া ব্রিজ পার হয়ে বুড়িচং-মীরপুর সড়কের আছিয়াগণি স্কুলের সামনে ও পল্লী বিদ্যুৎ সংলগ্নে সড়কের ওপর গাছ ফেলে রাখে একদল ডাকাত। পরে তারা সড়কের পাশে ঘাপটি মেরে গাড়ি থামানোর অপেক্ষায় ছিল।
এ সময় একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে চালকের সন্দেহ হয়। তিনি দ্রুত গাড়িটি পেছনে নিয়ে সেখান থেকে চলে যান। এতে ডাকাতদের কবলে পড়া থেকে গাড়ির যাত্রী ও তাদের সঙ্গে থাকা মালামাল রক্ষা পায়।তবে গাড়িটির গ্লাস ক্ষতি হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ এ সড়কে রাতের বেলায় নিরাপত্তা জোরদার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
