যুবদল কর্মীকে প্রকাশ্যে গু/লি করে হ/ত্যা
চট্টগ্রামের রাউজানে মো. করিম (৪০) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার প্রবাসী মো. শফির ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি বাজারে আসে। তারা করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
গুলিতে করিমের পেটে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর কেরানীহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে চলে যান। ফলে বেশ কিছু সময় মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে স্থানীয়রা জানান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কেরানীহাট এলাকায় করিম নামে একজনকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তার পেটে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তদন্ত ছাড়া এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
উরকিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুবিনুল হক বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা করিমকে হত্যা করে পালিয়ে যায়। এলাকার লোকজন ও ব্যবসায়ীরা ঘটনা দেখে ভয়ে দোকানপাট বন্ধ করে চলে যাওয়ায় তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল। হাসপাতালে নেওয়ার জন্য কেউ সাহস করে এগিয়ে আসেনি।’
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
