Spread the love

কুমিল্লার হোমনায় প্রচারণার প্রথম দিনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে হোমনা সদর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহরের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় সন্দেভাজন উভয়পক্ষের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রচারণার প্রথম দিনে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খান কর্মী-সমর্থকদের নিয়ে প্রথমে সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের কবর জিয়ারত করেন। পরে পৌর সভার শ্রীমদ্দি গ্রামে প্রয়াত আলহাজ ইঞ্জিনিয়ার জলিলের কবর জিয়ারত করতে যাওয়ার পথে হোমনা ওভারব্রিজ এলাকায় পৌঁছলে বিএনপির কর্মী-সমর্থকরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান দোকানে অবরুদ্ধ হয়ে পড়েন। আহতদের হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে।
যাচাই-বাচাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *