খড়মপুর কেল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল ১ কোটি ৩ লাখ টাকা,গণনা শেষ ১৯ ঘণ্টায়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ কেল্লা শাহ খড়মপুর মাজার শরীফের বিভিন্ন দানবাক্সের টাকা গণনা সম্পন্ন হয়েছে। দানবাক্সগুলো থেকে মোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপাও পাওয়া গেছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। দানবাক্স থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে দানবাক্সের টাকা গণনার কাজ শুরু হয়। টানা ১৯ ঘণ্টা গণনার পর মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে এ কাজ শেষ হয়। এতে মোট ৪০ জন অংশ নেন। গণনার সময় সরকারি কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গণনা করা টাকার মধ্যে রয়েছে—১ হাজার টাকার নোট ৮৯৮টি, ৫০০ টাকার নোট ৩ হাজার ৩৫৮টি, ২০০ টাকার নোট ৪ হাজার ৯৯৫টি, ১০০ টাকার নোট ৩২ হাজার ১৪২টি, ৫০ টাকার নোট ৩৫ হাজার ৬৬টি, ২০ টাকার নোট ৫৯ হাজার ৬১৯টি, ১০ টাকার নোট ৫৪ হাজার ২১টি, ৫ টাকার নোট ৬ হাজার ৩৩৯টি এবং ২ টাকার নোট ১ হাজার ৪৩৩টি।
শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজার শরীফের সপ্তাহব্যাপী ওরস রবিবার শেষ হয়েছে। গত ১০ আগস্ট থেকে ওরস শুরু হয়। ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। তবে ওরস উপলক্ষে মেলা আরও অন্তত এক মাস চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথ, সড়ক ও রেলপথে ভক্তরা মাজারে আসেন। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে ছিল উপচেপড়া ভিড়।
সংশ্লিষ্টদের দাবি, ঐতিহ্যবাহী এ ওরসে এ বছর রেকর্ডসংখ্যক ভক্তের সমাগম হয়েছে।
