ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অভিযানে পুলিশ মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণপাড়া সদরের আব্দুস সালাম (৫০), পূর্বপাড়ার মো. রিপন মিয়া (৪০), দধিখুলার হৃদয় মিয়া (৩০), ছাতিয়ানির মো. ছোটন মিয়া (২৮), মহালক্ষীপাড়ার কাজী নাজমুল হাসান (৩৫), নন্দীপাড়ার মো. রুমান মিয়াজি (২৯), নাইঘরের মো. শহীদ মিয়া (৫০), সিদলাইয়ের মো. জসিম উদ্দিন (৩০), জিরুইনের মো. বাছির বাবুল (৩০) এবং নাগাইশের মো. হানিফ মিয়া (২১)।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে আব্দুস সালাম ও মো. রুমান মিয়াজিকে ছয় মাসের এবং মো. রিপন মিয়া ও হৃদয় মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া মো. ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে এক মাস, মো. শহীদ মিয়া ও মো. জসিম উদ্দিনকে ১০ দিন, মো. হানিফ মিয়াকে সাত দিন এবং মো. বাছির বাবুলকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ১০ আসামিকে আদালতে প্রেরণের কার্যক্রম চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।