একের পর এক ১৫ গাড়ির সংঘর্ষ, এমপির বহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংসদ সদস্য অক্ষত ও সুস্থ রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরে পেছন থেকে আসা দ্রুতগতির বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ একের পর এক মোট ১৫টি যানবাহনের সংঘর্ষ ঘটে।

এ সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের মুখে তাঁর গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অন্তত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। পরে এর জেরে মোট ১৫টি যানবাহন দুর্ঘটনায় পড়ে।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘দুর্ঘটনায় আমার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তবে আমি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছি।’